২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় ৪ প্রার্থী
- আপডেট সময় : ১০:৪১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আলোচনায় ৪ প্রার্থী

আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ৪ জনের নাম উঠে এসেছে। তারা হলেন রিপাবলিকান দলের জেডি ভ্যান্স ও মার্কো রুবিও, ডেমোক্র্যাট দলের জন ওসফ ও পিট বুটিজেজ।
তবে তাদের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেননি। দুই দলের মনোনয়নপ্রক্রিয়া শুরু হতেও এক বছরের বেশি সময় বাকি। ফলে এর মধ্যে নতুন প্রার্থী আলোচনায় আসতে পারেন এবং ভোটারদের মতামতেও পরিবর্তন ঘটতে পারে।
জরিপে অংশ নেওয়া রিপাবলিকান ভোটারদের ৪৫ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রেসিডেন্ট নির্বাচনে ‘চমৎকার’ প্রার্থী হতে পারেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ক্ষেত্রে একই মত দিয়েছেন ৪৩ শতাংশ।
অন্যদিকে, ডেমোক্র্যাটদের মধ্যে সাবেক পরিবহনমন্ত্রী পিট বুটিজেজ ও জর্জিয়ার সিনেটর জন ওসফকে ‘চমৎকার’ প্রার্থী মনে করেন ২৯ শতাংশ করে ভোটার।
যুক্তরাষ্ট্রজুড়ে ১ হাজার ৭০৫ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এ জরিপ চালানো হয়। তাদের মধ্যে দুই দলের নিবন্ধিত ভোটার ছিলেন প্রায় ৫০০ জন করে। জরিপটি সোমবার শেষ হয়। রিপাবলিকান ও ডেমোক্র্যাট ভোটারদের ক্ষেত্রে জরিপের ভুলের সীমা ৫ শতাংশ পয়েন্ট।
৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকানদের বড় ব্যবধানে হারানোর পর ডেমোক্র্যাটদের মধ্যেও ট্রাম্পের বিরুদ্ধে কতটা কঠোর হওয়া উচিত, বিশেষ করে ট্রাম্পকে অভিশংসনের উদ্যোগ নেওয়া উচিত কি না, তা নিয়ে মতভেদ রয়েছে।
ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগীদের কাছে জানতে চেয়েছেন, তারা ভ্যান্স নাকি রুবিওকে বেশি পছন্দ করেন। রোববার সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইপর্বে তিনি ‘অবশ্যই’ কাউকে সমর্থন জানাবেন, এমন নয়।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হওয়া সত্ত্বেও ইরানের সঙ্গে এখন পর্যন্ত অনেক আলোচনায় রুবিওকে দেখা যায়নি। ভ্যান্সও ট্রাম্পের অবস্থান থেকে কিছুটা দূরত্ব তৈরির ইঙ্গিত দিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকা ছিল।
২০২৮ সালের সম্ভাব্য প্রার্থী হিসেবে আরও প্রায় এক ডজন রিপাবলিকান নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে দেখা হচ্ছে।
জরিপে ৩২ শতাংশ রিপাবলিকান তাকে ‘চমৎকার’ প্রার্থী হিসেবে বিবেচনা করেছেন। ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং টেক্সাসের সিনেটর টেড ক্রুজেরও সমর্থক রয়েছেন। তবে তাদের বিরোধীও কম নয়।
ডেমোক্র্যাটদের আলোচনায় ওসফ ও বুটিজেজ
ডেমোক্র্যাটদের মধ্যে অনেক ভোটারের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন জন ওসফ। দলটির নিবন্ধিত ভোটারদের ২৯ শতাংশ তাকে ‘চমৎকার’ প্রার্থী মনে করেন।
সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পকে দুর্নীতিগ্রস্ত ও প্রেসিডেন্টের দায়িত্ব পালনের অনুপযুক্ত বলে সরাসরি মন্তব্য করে আলোচনায় এসেছেন ওসফ। গত সপ্তাহে জর্জিয়ায় পুনর্নির্বাচনে তিনি ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হন। অথচ ২০২৪ সালের নির্বাচনে রাজ্যটিতে ট্রাম্প ২ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন।
বুটিজেজকেও ২৯ শতাংশ ডেমোক্র্যাট ভোটার ‘চমৎকার’ প্রার্থী মনে করেন। ২০২০ সালেও তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জাতীয় পর্যায়ে ওসফের তুলনায় তিনি বেশি পরিচিত।
প্রায় প্রতি পাঁচজন ডেমোক্র্যাট ভোটারের একজন বলেছেন, তারা বুটিজেজকে চেনেন না। ওসফের ক্ষেত্রে এ হার প্রায় প্রতি তিনজনে একজন। অন্যদিকে, রিপাবলিকানদের মধ্যে খুব কমসংখ্যক ভোটার ভ্যান্সকে চেনেন না। তবে প্রায় ছয়জনের একজন বলেছেন, তারা রুবিওকে চেনেন না। সূত্র: রয়টার্স।
আস্থা/এমএইচ





















