নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো তাইওয়ান
- আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১০২৩ বার পড়া হয়েছে
নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো তাইওয়ান
আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের একটি ‘স্বাধীন রাষ্ট্র’ বলে ঘোষণা দিয়েছে তাইওয়ান।
আজ শনিবার (১৬ মে) এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘তাইওয়ান একটি স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।
বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ। ট্রাম্প এ বিষয়টি পুনর্বিবেচনার ইঙ্গিত দেওয়ার পরই তাইপের পক্ষ থেকে এমন বক্তব্য এলো।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি শুধু তাইপের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নয়, যা তাইওয়ান রিলেশনস অ্যাক্টে স্পষ্টভাবে উল্লেখ আছে; এটি আঞ্চলিক হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরোধেরও একটি অংশ।
এর আগে শুক্রবার (১৫ মে) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনের শীর্ষ বৈঠক শেষে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তাইওয়ানকে চীনের কাছ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলে ছিলেন, আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক।
এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছিলেন, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই। কারণ, দেশটি নিজেকে আগেই একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। (সূত্র: আল আরাবিয়া)।
দৈনিক আস্থা/এমএইচ






















