ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতাদের অসুস্থতার গোজব
- আপডেট সময় : ১২:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতাদের অসুস্থতার গোজব
আন্তর্জাতিক ডেস্কঃ
নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দিয়ে নিজ দেশে ফেরার পর অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। একই সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শারীরিক অবস্থা নিয়েও নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তবে তার অসুস্থতার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৭৩ বছর বয়সী রামাফোসা গত সোমবার ভারত থেকে দেশে ফেরার পর চিকিৎসকদের পরামর্শে চিকিৎসাধীন ও পূর্ণ বিশ্রামে রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সি দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট সুস্থ না হওয়া পর্যন্ত তার নির্ধারিত সরকারি কর্মসূচিগুলোতে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভিন্ন মন্ত্রীরা। একই সঙ্গে দেশটির উপপ্রেসিডেন্ট পল মাশাটাইলও সম্প্রতি একটি ছোটখাটো চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। ফলে দেশটির শীর্ষ দুই নেতাই বর্তমানে জনসমক্ষে উপস্থিত হওয়া থেকে বিরত রয়েছেন।
চীনা ডেমোক্রেটিক পার্টির প্রধান ওয়ানজুন শিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, সম্মেলন চলাকালেই শি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এবং তাকে জরুরিভিত্তিতে দেশে ফিরিয়ে নিয়ে ‘চাইনিজ পিপলস লিবারেশন আর্মি জেনারেল হাসপাতালে’ (বেইজিং ৩০১ হাসপাতাল) ভর্তি করা হয়েছে। তিনি আরও দাবি করেন, শি গুরুতর ‘ইস্কেমিক স্ট্রোক’-এ আক্রান্ত হয়েছেন।
তবে বেইজিং বা ভারতের পক্ষ থেকে এসব দাবির কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি। চীনা সরকার কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ- কাউকেই প্রেসিডেন্টের স্ট্রোক বা হাসপাতালে ভর্তির বিষয়ে কোনো বক্তব্য দিতে দেখা যায়নি।
ব্রিকস সম্মেলনে যোগ দেয়া বিশ্বনেতাদের স্বাস্থ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জন ও দাবিকে ‘উদ্বেশ্যপ্রণোদিত’ হিসেবে আখ্যায়িত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া অপপ্রচার বাতিল করে সবাইকে সতর্ক করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এমইএ জানায়, ‘এটি বিভ্রান্তিকর! সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত পোস্টের বিষয়ে আমরা সবাইকে সতর্ক করছি।’ ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আস্থা/এমএইচ























