সিরিয়ায় রয়েছে কয়েক টন পরিশোধিত ইউরিনিয়াম
- আপডেট সময় : ১২:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
সিরিয়ায় রয়েছে কয়েক টন পরিশোধিত ইউরিনিয়াম
আন্তর্জাতিক ডেস্কঃ

সিরিয়ায় কয়েক টন পারমাণবিক উপাদান রয়েছে, যা অপব্যবহার করা সম্ভব বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আমলে পরিচালিত পারমাণবিক কর্মসূচির অবশিষ্টাংশ তদন্তে সিরিয়ার নতুন সরকার জাতিসংঘকে কাজ করার সুযোগ দেওয়ার পর এ কথা জানান তিনি। খবর আলজাজিরার।
দামেস্কে এক সংবাদ সম্মেলনে গ্রোসি বলেন, সিরিয়ায় পাওয়া কয়েক টন পারমাণবিক উপাদান অপব্যবহার করা সম্ভব। এগুলো আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হবে। অঘোষিত স্থানে পারমাণবিক উপাদানের অস্তিত্বের কথা স্বেচ্ছায় জানানোর জন্য সিরিয়ার সরকারের সিদ্ধান্তকে সাহসী বলেও প্রশংসা করেন তিনি।
সিরিয়ার সরকার জানিয়েছে, দামেস্কের একটি স্থানে কয়েক টন পারমাণবিক উপাদান পাওয়ার পর আইএইএর সঙ্গে তদন্ত ও যাচাই কার্যক্রম শুরু হয়েছে। গত মাসে সিরিয়াই ওই স্থানের বিষয়ে আইএইএকে জানিয়েছিল।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বলেন, সেখানে পাওয়া পারমাণবিক উপাদান বিপজ্জনক নয়। তবে প্রয়োজনীয় নিশ্চয়তা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এগুলো সিরিয়ার হেফাজতেই থাকবে।
আইএইএ ও সিরিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাটির পরিদর্শকরা দুটি স্থানে গেছেন। এর মধ্যে একটি দেইর আজ-জোরে এবং অন্যটি সম্প্রতি সিরিয়ার পক্ষ থেকে শনাক্ত করা পারমাণবিক উপাদানের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থান।
আল-শাইবানি বলেন, গত ১৭ জুলাই আইএইএর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। এতে সাবেক সরকারের রেখে যাওয়া উত্তরাধিকারের অংশ হিসেবে একটি অঘোষিত স্থানে পারমাণবিক উপাদান থাকার কথা স্বেচ্ছায় জানানো হয়।
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ার নতুন কর্তৃপক্ষ দেশটির কয়েক দশকের পারমাণবিক কার্যক্রমের উত্তরাধিকার নিয়ে আইএইএর সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে আসছে।
সিরিয়ায় পারমাণবিক অস্ত্র কর্মসূচির জন্য ব্যবহারের মতো কার্যকর মজুত রয়েছে; এমন কোনো প্রমাণ আগে জানা যায়নি। তবে ২০০৭ সালে দেইর আজ-জোরে সন্দেহভাজন একটি সিরীয় পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছিল ইসরায়েল।
আস্থা/এমএইচ

























