ভারতের পরবর্তি প্রধানমন্ত্রী আম্বানি!?: ইলন মাস্ক
- আপডেট সময় : ০৭:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
ভারতের পরবর্তি প্রধানমন্ত্রী আম্বানি!?: ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে স্যাটেলাইট যোগাযোগসেবা চালুর অনুমোদন পেতে বিলম্বের অভিযোগ তুলে আবারও সরব হয়েছেন ইলন মাস্ক। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, ‘ভারতের প্রকৃত বস আসলে আম্বানি’। এর এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন করে এ বিষয়ে পোস্ট দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লেখেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, ভারতের প্রকৃত বস যে আপনি, তা বুঝতে না পারার জন্য আমাকে ক্ষমা করুন। স্বাভাবিকভাবেই, আপনি ভারতের সাধারণ মানুষের ওপর আপনার একচেটিয়া শোষণ বজায় রাখতে চাইবেন। তারপরও কি স্টারলিংককে প্রতিযোগিতা করার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন?’
তিনি আরও লেখেন, ‘ভারতের অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ নেই। এর ফলে শিশুরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বৈশ্বিক বাজারে পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন না। স্টারলিংক তাদের জীবন আরও ভালোভাবে বদলে দিতে পারে।’
মাস্কের মতে, বিশ্বের বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগের সময় অন্য সব যোগাযোগব্যবস্থা অকার্যকর হয়ে পড়লেও মানুষের জীবন বাঁচাতে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই ভারতে এই সেবা চালুর সুযোগ দিলে নারী, পুরুষ ও শিশুসহ অনেক মানুষের জীবন রক্ষায় সহায়তা করা সম্ভব হবে।
এর আগে চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাস্ক অভিযোগ করেন, ভারতের ‘কিছু অলিগার্ক’ বা প্রভাবশালী ধনকুবের দেশটিতে স্টারলিংকের কার্যক্রম চালু হতে বাধা দিচ্ছেন। তিনি একে ভারতের জনগণের বিরুদ্ধে ‘অপরাধ’ বলেও উল্লেখ করেন।
তবে ভারতের কেন্দ্রীয় সরকার বলেছে, স্যাটেলাইট যোগাযোগসেবার জন্য দেশটির নিয়ন্ত্রক কাঠামো ন্যায্য এবং বৈষম্যহীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় স্যাটেলাইট যোগাযোগসেবার আবেদনগুলো এখনো প্রক্রিয়াধীন রয়েছে।
আস্থা/এমএইচ

























