ওয়াশিংটনকে সহযোগিতা করলে আঞ্চলিক রাষ্ট্র ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে
- আপডেট সময় : ০৩:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
ওয়াশিংটনকে সহযোগিতা করলে আঞ্চলিক রাষ্ট্র ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘দ্রুত’ একটি চুক্তি সম্পাদনের শর্তে তিনি ইরানের ওপর হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
আজ রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং একই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার জন্য আমি হামলাটি বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত হলো, দেশটিকে দ্রুত একটি চুক্তি করতে হবে।’
এর আগে মার্কিন গণমাধ্যম জানিয়েছিল, ট্রাম্প চলতি সপ্তাহেই ইরানের ওপর নতুন ও তীব্র হামলা চালানোর পরিকল্পনা করছিলেন।
সম্প্রতি তেহরান উত্তেজনা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। দেশটি বলেছে, ওয়াশিংটনকে সহযোগিতা করা যেকোনো আঞ্চলিক রাষ্ট্র ‘যুদ্ধের আগুনে ভস্মীভূত হবে’।
মার্কিন সরকার এর আগে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ওই অঞ্চলে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছিল।
গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি ইরানের বিরুদ্ধে কঠোর হামলার হুমকি দেন। ট্রাম্প বলেন, তারা ইরানে এত ব্যাপক হামলা চালাবেন যে একসময় ইরান বলবে, তারা আর যুদ্ধ চালিয়ে যেতে পারবে না।
এদিকে, যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে ইসরায়েলের নিরাপত্তাবাহিনী নিজেদের প্রস্তুত করেছে। হামলার পর ইরান পাল্টা হামলায় ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে এমন আশঙ্কায় দেশটি সতর্কতা বাড়িয়েছে। রোববার (২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা টিআরটি।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োত আহরোনোত জানিয়েছে, ইসরায়েল তাদের প্রতিরক্ষা সতর্কতা বৃদ্ধি করেছে। দেশটির সামরিক কমান্ডারদের ধারণা, ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার নির্দেশ যেকোনো সময় দিতে পারেন।
পত্রিকাটি আরও বলেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে ইরান পাল্টা হামলায় ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে।
সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইসরায়েলও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়েও প্রস্তুতি নিচ্ছে তারা। অজ্ঞাতনামা একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখন ‘বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে’ রয়েছে।


















