পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত
- আপডেট সময় : ১০:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত
আন্তর্জাতিক ডেস্কঃ
বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করেছে ভারত। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বছর সংলাপটি আর হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্রগুলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা সংলাপ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত বৈঠকটি স্থগিত করার অনুরোধ জানায়।
ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সংলাপের জন্য দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছিল। বৈঠক সামনে রেখে গত ৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হয়।
সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত দিয়ে বাংলাদেশে কথিত পুশ-ইন বন্ধ, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল।
এ ছাড়া পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি), প্রত্যর্পণ মামলা এবং সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (আরটিএ) নবায়নের বিষয়ও আলোচনায় আসার কথা ছিল। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল বাংলাদেশ।
প্রসঙ্গত, ২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ শুরু হয়। এরপর দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।
আস্থা/এমএইচ






















