ভারত থেকে এলো ৮২ লাখ লিটার ডিজেল
- আপডেট সময় : ০১:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১০২৩ বার পড়া হয়েছে
ভারত থেকে এলো ৮২ লাখ লিটার ডিজেল
আস্থা ডেস্কঃ
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসেছে প্রায় ৭ হাজার টন ডিজেল। গত সোমবার সন্ধ্যা থেকে শুরু করে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার মধ্যে সম্পূর্ণ ডিজেল ডিপোতে পৌঁছায়।
এবারের ৬৮তম ধাপে মোট ৭ হাজার টন বা প্রায় ৮২ লাখ ৩৫ হাজার ২শ ৯০ লিটার ডিজেল আমদানি করা হয়েছে। প্রতি টনে ১ হাজার ১৭৬ দশমিক ৪৭ লিটার হিসেবে এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
ভারত থেকে আমদানি করা ডিজেল প্রতিটি চালানে প্রায় সমহারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তিন বিপণনকারী প্রতিষ্ঠান–পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কম্পানির মধ্যে বিতরণ করা হয়।
পাইপলাইনটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, সদর ও বোদা উপজেলা হয়ে নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্য দিয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত। মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপিত এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ভারত থেকে ডিজেল পরিবহন করা হচ্ছে।
ফলে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ আরো সহজ ও দ্রুত করার পাশাপাশি সড়ক ও রেলপথে জ্বালানি পরিবহনের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন।
দৈনিক আস্থা/এমএইচ



















