নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত-৩
- আপডেট সময় : ০৩:৪৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত-৩
আন্তর্জাতিক ডেস্কঃ
নেপালের দক্ষিণাঞ্চলে মুসলিম ও হিন্দুদের মাঝে সংঘর্ষে ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। শুক্রবার স্থানীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা আরও কয়েকটি জেলায় ছড়িয়ে গেছে। সূত্র; এএফপি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের সূত্রপাত হয় গত রোববার রাতে। তখন ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের শোভাযাত্রা চলছিল। সেখানে জোরে গান বাজানো ও ধর্মীয় পতাকা ব্যবহার নিয়ে দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেটি পরে সংঘর্ষে গড়ায়।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, ‘সংঘর্ষে প্রথমে ২ জন নিহত হন।’ এরপর কর্তৃপক্ষ সংঘর্ষ এড়াতে সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কারফিউ জারি করে। বৃহস্পতিবার কারফিউ চলাকালে বিক্ষোভের সময় সিরাহা জেলায় আরেক ব্যক্তি নিহত হয়।
বৃহস্পতিবার রাত থেকে সুনসারি, সপ্তারি, সিরাহা ও ধনুষা জেলায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। সহিংসতা সুনসারি থেকে ছড়িয়ে পড়ায় পারসা জেলাও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অস্থিরতা নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে
তৃতীয় ব্যক্তি নিহতের পর বৃহস্পতিবার একটি ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এ সময় তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমি নাগরিক, সুশীল সমাজ, ধর্মীয় সম্প্রদায়, রাজনৈতিক দল এবং দায়িত্বশীল গণমাধ্যমকে ধৈর্য ধারণ, সংযম বজায় রাখার আহ্বান জানাই।’ ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ঘটনার তদন্ত সম্পূর্ণ ন্যায্য ও স্বচ্ছ হবে। যারাই দায়ী, তাদের বিচারের আওতায় আনা হবে।’
দৈনিক আস্থা/এমএইচ























