রাজধানীতে বৃষ্টি, আবার লঘুচাপের পূর্বাভাস
- আপডেট সময় : ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১২৯৮ বার পড়া হয়েছে
আজ রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস। সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকায় নয়, বৃষ্টি হচ্ছে দেশের দুই বিভাগের বিভিন্ন স্থানেও। এ বৃষ্টির কারণ মৌসুমি বায়ুর সক্রিয়তা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সাগরে আবার লঘুচাপ সৃষ্টি হতে পারে। আর তাতে আগামী বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে। রাজধানীর বৃষ্টি আর বেশিক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
আজ সকালের বৃষ্টির পর রবীন্দ্র সরোবর, কমলাপুর স্টেশনের সামনে, মিরপুর-২-এর দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া, পশ্চিম শ্যাওড়াপাড়া, বসুন্ধরা শপিং মলের পেছনে, কারওয়ান বাজার এলাকাসহ নানা স্থানে পানি জমে যায়। রাস্তায় এভাবে পানি জমে যাওয়া এবং বৃষ্টিতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসমুখো নগরবাসী ভোগান্তির শিকার হন।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা সকাল সোয়া ৯টার দিকে বলেন, রাজধানীসহ রংপুর ও চট্টগ্রাম বিভাগের নানা স্থানে গতকাল প্রচণ্ড গরম পড়েছিল, আজকের বৃষ্টিতে তা প্রশমিত হতে পারে। তবে রাজধানীতে আজ বৃষ্টি আর দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা কম। মেঘমালা টাঙ্গাইল ও ময়মনসিংহ এলাকার দিকে চলে গেছে।
সাগরে তিন দিন আগেই লঘুচাপের সৃষ্টি হয়েছিল। এর কারণে দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেতও দেওয়া হয়েছিল। কিন্তু লঘুচাপের প্রভাব সীমাবদ্ধ থেকেছে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোর মধ্যেই। ওই লঘুচাপের প্রভাব ভারতের উপকূলীয় এলাকাগুলোয় অনেক বেশি পড়েছিল।



















