হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারাবেন খেলাফত মজলিসের এমপি
- আপডেট সময় : ০৩:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারাবেন খেলাফত মজলিসের এমপি
আস্থা ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য মাহবুবা হাকিমের হলফনামায় মিথ্যা তথ্য পাওয়া গেছে। নিজের স্বাক্ষর থাকলেও তিনি এর দায় চাপিয়েছেন দলের ওপর। হলফনামা দল পূরণ করে কেবল তার স্বাক্ষর নিয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা নেওয়া এই সংসদ সদস্য (এমপি) তার হলফনামায় বিষয়টির উল্লেখ না করে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণের তথ্য দিয়েছেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানিয়েছেন, হলফনামায় এই ধরনের মিথ্যা তথ্য দেওয়া প্রতারণার শামিল। এই ঘটনায় ওই সংসদ সদস্য ও তার দল উভয়েরই দায় রয়েছে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় সংসদ সদস্য পদ বাতিল হতে পারে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে।
প্রসঙ্গত, হলফনামায় মাহবুবা হাকিম নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন, ‘এমএলএম, ব্যারিস্টার এট ল।’ তবে মাহবুবা হাকিমের উচ্চতর পড়াশোনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। আইন বিষয়ে তিনি উচ্চতর কোনো সনদ অর্জন করেননি।
মাহবুবা হাকিম বলেন, আইন বিষয়ে তার কোনো উচ্চতর ডিগ্রি নেই, ‘আমি বুটেক্স (বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়) থেকে পাস করেছি; বিএসসি ইঞ্জিনিয়ার। আমার ওটারই সার্টিফিকেট জমা দেওয়া আছে। আমি সায়েন্সের স্টুডেন্ট।
আস্থা/এমএইচ


















