বজ্রপাতে সারা দেশে নিহত-৬
- আপডেট সময় : ১১:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ১০২৭ বার পড়া হয়েছে
আস্থা ডেস্কঃ
দেশের ছয় জেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বরিশালে এক স্কুলছাত্র, চাঁদপুরে এক যুবক, বরগুনায়, পটুয়াখালী, শরীয়তপুর ও পিরোজপুরে চার কৃষক রয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সকাল থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
বরিশাল:- আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ঘেরে কাজ করার সময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে সে বজ্রপাতে আহত হন। পরে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর:- ফরিদগঞ্জ উপজেলার সাইসাঙ্গা গ্রামে বজ্রপাতে নবী হোসেন মিজি (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, জুমার নামাজের আগে কাজ শেষে বাড়ি ফেরার পথে ধানক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হলে তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পেশায় দিনমজুর ছিলেন।
বরগুনা:- সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মস্তুকটানা এলাকায় বজ্রপাতে মোঃ মহিউদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা সেকান্দরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পটুয়াখালী:- দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন কৃষক মজিবর সরদার (৫০)। তিনি মৃত আয়নাল সরদারের ছেলে। স্থানীয়রা বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের মাঠে বাঁধা গরু আনতে যান তিনি। এ সময় বজ্রপাতে ঘটনা স্থলেই তিনি মারা যান।
শরীয়তপুর:– গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামে বজ্রপাতে মুছা হাওলাদার (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, দুপুরে বৃষ্টির আশঙ্কায় মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে উপজেলা হাসপাতালেননেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর:- মঠবাড়িয়া উপজেলার সোনাখালী এলাকায় বজ্রপাতে কৃষক ছোয়ারাব জোমাদ্দার (৫০) নিহত হয়েছেন। পরিবারের সদস্যরা জানান, বৃষ্টি ও বজ্রপাতের সময় বাড়ির কাছের মাঠে গরু খুঁজতে গেলে তার ওপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
দৈনিক আস্থা/এমএইচ


















